বাউবিতে চারটি নতুন ডিজিটাল সেবা চালু

বাউবিতে চারটি নতুন ডিজিটাল সেবা চালু
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ডিজিটাল রূপান্তর ও সেবার মানোন্নয়নে চারটি নতুন অ্যাপ ও ব্যবস্থাপনা সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের সভাকক্ষে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা সেবাগুলো হলো, ‘মাইবাউবি মোবাইল অ্যাপ’, ‘ই-অ্যাটেনডেন্স সিস্টেম’, ‘এমপ্লয়ি স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম’ এবং ‘কমপ্লেইন্ট/সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম’। নতুন এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডিজিটাল সেবা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অ্যাপ ও সিস্টেমগুলোর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ-আল-মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিজিটাল রূপান্তর সেবার মান বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। বাউবির নতুন চারটি অ্যাপ ও সিস্টেম এ লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

তিনি উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, তৃতীয় ভাষা শিক্ষা এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ভৌগোলিক বৈষম্য দূর করে দেশের সব শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রযুক্তির কার্যকর ব্যবহার অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ক্যাম্পাস টেলিভিশন চালু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠ দেশব্যাপী সম্প্রচার এবং বাউবির বিদ্যমান অবকাঠামো ও মানবসম্পদকে দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এ ছাড়া ‘স্টাডি বাংলাদেশ’ পোর্টালের সঙ্গে বাউবিকে যুক্ত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি ইউজিসি ও বাউবির মধ্যে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর ও অটোমেশন কার্যক্রম এগিয়ে নিতে নতুন অ্যাপ ও সিস্টেমগুলো চালু করা হয়েছে। এগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগ ও কম্পিউটার বিভাগের নিজস্ব জনবল এবং কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে এসব প্রযুক্তিনির্ভর সেবা তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে নেটওয়ার্কের আওতায় আনা এবং সাইবার নিরাপত্তা জোরদারেও কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করা হচ্ছে। পাশাপাশি ডিনস কমিটির মাধ্যমে একাডেমিক ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জার্নাল পুনঃপ্রকাশ এবং গবেষণা সাময়িকীগুলোর মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ রয়েছে।

বাউবির শিক্ষাদর্শন তুলে ধরে উপাচার্য বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়াই এ বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। পূর্বসূরিদের গৃহীত এই উদ্যোগকে সময়োপযোগী প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আরও সমৃদ্ধ করে বাউবিকে একটি অগ্রণী জাতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার শেখ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের অংশ হিসেবে বাউবির আইসিটি কনসালট্যান্টরা ‘মাইবাউবি মোবাইল অ্যাপ’ ও ‘ই-অ্যাটেনডেন্স সিস্টেম’-এর পরিচিতি এবং সরাসরি প্রদর্শনী উপস্থাপন করেন। এ সময় ‘কমপ্লেইন্ট/সার্ভিসেস ম্যানেজমেন্ট সিস্টেম’-এর কার্যপ্রবাহ ও ব্যবহারপদ্ধতি দেখানো হয়। পাশাপাশি কম্পিউটার বিভাগের পরিচালনায় ‘এমপ্লয়ি স্মার্ট অ্যাটেনডেন্স সিস্টেম’-এর কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আইসিটি বিভাগের প্রধান মো. মমিনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট ও কম্পিউটার বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. আহসানুর রহমান এবং পরীক্ষা বিভাগের প্রোগ্রামার সঞ্জীব কুমার সাহা অ্যাপ ও সিস্টেমগুলোর ব্যবহারবিধি, কার্যকারিতা এবং ব্যবহারকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, বিভাগের পরিচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউজিসির সদস্য আব্দুল্লাহ-আল-মামুন বাউবির মিডিয়া সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি মিডিয়া সেন্টারের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর ও গতিশীল করার লক্ষ্যে ইউজিসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad