দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, ‘গণতন্ত্রের সূচনা করতে হলে এবং মানুষের জীবনে পরিবর্তন আনতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।’
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘নির্বাচনের দাবিতে দেশের বহু মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে। অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছে। যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, তাহলে ধানের শীষে সিল মারতে হবে।’
দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে এবং মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে।’
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এই নিশ্চয়তা দিতে পারে কে? কোন দল? ধানের শীষই একমাত্র এই নিশ্চয়তা দিতে পারে।’
উপস্থিত প্রবীণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সাক্ষী আছেন–যখন ধানের শীষ দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তখন পৌরসভা হোক কিংবা ইউনিয়ন পরিষদ–নির্বাচনগুলো মোটামুটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।’

তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে মানুষ নির্বিঘ্নে কথা বলতে পেরেছে, সরকারের সমালোচনা করতে পেরেছে।’ কোনো মানুষ গুম বা খুনের শিকার হয়নি বলেও তিনি দাবি করেন। পাশাপাশি দেশের উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা বক্তব্য দেন। দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
এদিন দুপুর থেকে শুরু হওয়া এই জনসভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর খেলার মাঠে জনসমুদ্রের সৃষ্টি হয়।
সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
এর আগে, এদিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। মৌলভীবাজারের পর তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
এ ছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী পৌর এলাকা সংলগ্ন স্থান এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।


