জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের নির্বাচনে প্রার্থীদের জন্য বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে।
বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২৫০ টাকা। প্রার্থীরা নির্ধারিত সময়ে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।’
এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ৬ নভেম্বর প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা, ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হয়েছে। বুধবার থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৭ ও ১৮ নভেম্বর। এরপর ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে।
২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর।
এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। ভোটের দিনই গণনা সম্পন্ন করে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে জকসু নির্বাচন কমিশন।


