ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের জয় নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিয়ে ছাত্রশিবির নির্বাচন জিতেছে।
বুধবার চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে, আপনি বলতে পারেন। তবে আমি বলতে পারি না, জামায়াতের এত ভোট কোথা থেকে এল, তার হিসাব মেলে না। এটা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করতে গেলে বলা হয়, খেয়াল রাখতে হবে, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। কিন্তু তলেতলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের ভোট নিয়ে শিবির জয়ী হয়েছে। দেশে ও দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
তিনি বিএনপির সদস্যদের নির্দোষ দাবি করে বলেন, ‘৫ আগস্টের পর বিএনপির লোকজন অত্যাচারী হচ্ছে, কিন্তু তা সঠিক নয়। আওয়ামী লীগ ও জামায়াত এক সঙ্গে অপকর্ম করছে, আর সব দোষ বিএনপির ওপর চাপানো হচ্ছে।’
’বিএনপির ছেলেরা যদি নিজেদের ভুল সংশোধন না করেন, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে,’ যোগ করেন তিনি।
নবনির্বাচিত ডাকসু কমিটিকে উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, ‘যেভাবেই হোক, ডাকসু নির্বাচনে জয়ের পর নতুন কমিটি যেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে কাজ করে। তাদের জ্যেষ্ঠ নেতাদের ভুল পথে পরিচালিত করার চেষ্টা যেন বন্ধ করে।’
এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, এবং আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।
মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে জয়ী হয়, এবং বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেন।


