ঝিনাইদহে ট্রাফিক পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় বাসচাপায় আরজ আলী(১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে শহরের শহীদ মশিউর রহমান সড়কের স্মৃতি সৌধ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আরজ আলী কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। এই ঘটনায় পুলিশ বাসের চালক ও বাসটিকে থানায় নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে আরজ আলীসহ ৩ জন হামদহ থেকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের প্রেরণা-৭১ চত্বরের দিকে যাচ্ছিল। প্রেরণা-৭১ চত্বরে ট্রাফিক পুলিশের সদস্যরা অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট চালাচ্ছিল। চেকপোস্ট দেখে ডান দিক দিয়ে পালাতে গিয়ে কাটাতারে বেঁধে পড়ে যায়। এসময় সাগর পরিবহনের এক বাস চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় আরজ আলী।
সদর থানার এসআই শাহাবুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঘটানো বাস ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে।


