ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ সংঘর্ষ হয়। নিহত আরফোজ আলী একই গ্রামের চারুহাটি এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।
সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগুরহাটি এলাকার একটি জমি নিয়ে ধন মিয়া ও কালু মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ বিরোধকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় প্রথম সংঘর্ষ হয়। এর জের ধরে গত শনিবার ও রোববার আবারও দুই গোষ্ঠীর লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আরফোজ আলী টেটাবিদ্ধ হয়ে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


