সিজারের ৪ দিন পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগের সত্যতা পাওয়ায় চুয়াডাঙ্গার জীবননগরে নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সরকারি কোনো অনুমোদনের লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি উপস্থিত হয়ে নিউ সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনষ্ঠিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ।
সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, অপারেশনের ৪ দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ শুনে এখানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ক্লিনিকের লাইসেন্স ও স্বাস্থ্যসেবার মান যাচাই-বাছাই করা হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সবাইকে দ্রুত বের করে দিয়ে ক্লিনিকে তালা লাগিয়ে দেওয়া হয়।
জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
সম্প্রতি নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারের ৪ দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় স্বজনদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে জীবননগরে বেশ আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে। তারপরই তিনি এ অভিযান পরিচালনা করেন।


