মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা।
শুক্রবার বিকালে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নৌকাবাইচ সম্পন্ন হয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বাঁশগাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রয়াত হাবিবুর রহমান আজাদ স্মরণে এই নৌকাবাইচের আয়োজন করা হয়।
নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান তালুকদার খোকন।
কালকিনি উপজেলার খাসেরহাট সেতু থেকে সমিতিরহাট লঞ্চঘাট পর্যন্ত নদীপথে এ নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা।
প্রতিযোগিতায় ২০টি বাছারী নৌকা অংশ নেয়। নৌকাবাইচ প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।


