গাজীপুর সদর উপজেলায় একটি ব্রিফকেস ও বস্তায় অজ্ঞাত এক নারীর মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ভবানীপুরে নির্জন এলাকা থেকে মরদেহের এসব খণ্ডাংশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে মরদেহের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন স্থানে ফেলে গেছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


