রাজধানী ঢাকার মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে পোশাকশ্রমিকরা। মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে মিরপুর ১০ মেট্রো স্টেশন। একই সঙ্গে বন্ধ রয়েছে যান চলাচল।

রোববার বেলা ১২টার দিকে মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
আগুন খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর ১০ এর গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকেরা। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।
সংঘর্ষের কারণে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


