রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী মঙ্গলবার সন্ধ্যায় জানান, ‘খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হয়েছে। নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।’
এর আগে রোববার খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘ম্যাডাম কেবিনে চিকিৎসা টিমের নেতৃত্বে চিকিৎসাধীন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।’
চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতায় ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।
মঙ্গলবার দুপুরে নয়া পল্টনের ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, সারাদেশেই বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দলের চেয়ারপারসনের আশু সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজক করা হয়েছে।


