মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়। এতে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।
রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা হয়।
মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বিকাল ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রেক্ষাপটে ১৯ বছর পর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বিএনপি।
স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রা শুরু করেছিলেন, সেই পথ ধরে দেশের ৫৬তম বাজেট নিয়ে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এবারের বাজেটের আকার হবে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।
এর আগে, বিএনপি সরকারের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া সরকার ২০০৬-০৭ সালের বাজেট পেশ করে। সেবার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সংসদে বাজেট উপস্থাপন করেছিলেন।


