‘চা গরম’–এর অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে রোববার (৫ এপ্রিল)। যা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে গল্পটির সঙ্গে চায়ের সম্পর্ক রয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন, জানিয়েছেন, চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন, অধিকার, তাদের জীবন মানের কিছু কিছু অংশ এই ফিল্মে পাবেন দর্শকরা। কিন্তু শঙ্খ দাশগুপ্ত এত সহজভাবে গল্প বলার নির্মাতা নন। সেটা স্পষ্ট তার ওয়েব সিরিজ ’গুটি’ কিংবা ‘প্রিয় মালতী’ সিনেমাতে।
শঙ্খ দাশগুপ্ত বলেন, ’নির্মাতা হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে চা বাগান সবসময় ব্যবহার হয়েছে ব্যাকড্রপ হিসেবে। চা বাগান একটা সুন্দর এলাকা যেখানে চরিত্রগুলো থাকবে, ব্যাকড্রপে চা বাগান থাকবে—সেটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমার কাছে মনে হলো এটা ব্রেক করা দরকার। আমরা চা বাগানের ভেতরটায় ঢুকতে চেয়েছি এবং ঢুকেছি। চা বাগানের জীবনটা দেখার চেষ্টা করেছি। সৌন্দর্যটাই শুধু ক্যাপচার করিনি, এবার আমি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের লাইফটা দেখার সুযোগ পেয়েছি।’
‘চা গরম’ ফিল্মটি চরকিতে মুক্তি পাবে বৈশাখকে কেন্দ্র করে অর্থাৎ ১৪ এপ্রিল। এতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ, সারাহ জাবিন অদিতি। গল্পে আরও আছেন এ কে আজাদ সেতু। ’চা গরম’–এর গল্প ও চিত্রনাট্য করেছেন সাইফুল্লাহ রিয়াদ।


