ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভাতাভোগী সদস্য-সদস্যা ও কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার ঢাকার খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৪ জেলার ভাতাভোগী সদস্য-সদস্যা ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৯ হাজার ৩৭ জনের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহারের প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। ঈদকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, দেশের বৃহৎ এই শৃঙ্খলাবদ্ধ গণপ্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নানা প্রতিকূলতা অতিক্রম করে নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বলেন, বাহিনীর কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানের মধ্য দিয়ে বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রাখা হচ্ছে।
রাষ্ট্রের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশীদার হিসেবে আনসার ও ভিডিপি সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মহাপরিচালক বলেন, দেশের গ্রামীণ সমাজকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করা হয়।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে সামাজিক নিরাপত্তা জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে ভিডিপি সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালক এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারী।


