চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ৭৬ দৃষ্টি প্রতিবন্ধী ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জন্য আলাদা কেন্দ্রের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকীর সভাপতিত্বে কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্র রাখা হবে চাকসু ভবনের দ্বিতীয় তলায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিশেষ কেন্দ্রে দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য দুইজন নির্বাচন কমিশনার সরাসরি উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবেন। পাশাপাশি থাকবেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারাও।
আরিফুল হক সিদ্দিকী বলেন, সবার ভোটাধিকার নিশ্চিত করতে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়নে এটি একটি মানবিক উদ্যোগ।
চাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাসহ ৪ দফা দাবি জানান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। গত ১৪ সেপ্টেম্বর নিজেদের দাবি তুলে ধরে তারা জানান, চাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতি, হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য প্রবেশগম্যতা এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য দোভাষীসহ বিশেষ স্বেচ্ছাসেবক ব্যবস্থা অন্তর্ভূক্ত করতে হবে।
এর আগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সব ধরনের নির্বাচনী ও সংগঠনমূলক কার্যক্রমে সমান অংশগ্রহণ নিশ্চিতে কেন্দ্রীয় ও হল সংসদে আলাদা পদ সংরক্ষণের দাবিতে গত ২৫ আগস্ট স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আগামী বুধবার আবার চবিতে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার মোট ভোটার প্রায় ২৭ হাজার, যার মধ্যে ছাত্রী প্রায় সাড়ে ১১ হাজার।


