চাঁদপুরের মেঘনা নদীতে চরে আটকা পড়া যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৪ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, এদিন ভোর ৪টায় চাঁদপুরের হাইমচর থানার চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে এমভি সুগন্ধা নামের একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে।
লঞ্চে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চেয়ে কোস্ট গার্ডকে বিষয়টি জানান। এ সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত উদ্ধার অভিযান চালায় কালীগঞ্জের কোস্ট গার্ড স্টেশন।
উদ্ধার অভিযান শেষে লঞ্চে আটকা পড়া ১০৪ জন যাত্রীকে ট্রলারযোগে নিরাপদে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয় উল্লেখ করে লেফটেন্যান্ট কমান্ডার বলেন, জনসেবায় কোস্ট গার্ড সবসময় নিয়োজিত এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে।


