কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ

কিশোরগঞ্জে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচার বিরুদ্ধে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৩৫) পূর্বচর পাড়াতলা এলাকার সাফি উদ্দিনের ছেলে। অভিযুক্ত মরম আলী একই এলাকার আব্দুল হেকিমের ছেলে। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিকালে স্থানীয় চটান পূর্বচর পাড়াতলা উচ্চবিদ্যালয়ের সিঁড়িতে আনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

তাদের অভিযোগ, এ সময় অভিযুক্ত মরম আলী কাউকে আনোয়ার হোসেনের কাছে যেতে দেননি এবং ভয়ভীতি দেখিয়ে সময়ক্ষেপণ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনোয়ার হোসেনকে উদ্ধার করে। সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

এরপর থেকে অভিযুক্ত মরম আলী ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

নিহতের মা শিরিনা আক্তারের অভিযোগ, দুপুরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে মরম আলী ও তার লোকজন বাড়িতে ঢুকে আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে অবরুদ্ধ করে রাখা হয় এবং স্কুলের বারান্দায় ফেলে রাখা হয়। দীর্ঘ সময় কাউকে কাছে যেতে না দেওয়ায় চিকিৎসা না পেয়ে ছেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

ভাইয়ের হত্যার বিচার দাবি করে আনোয়ারের বোন সালমা আক্তার বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’

কটিয়াদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্তরা পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর