সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম আর নেই।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, সাবেক নৌবাহিনী প্রধান শুক্রবার সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বনানী সামরিক কবরস্থানে।
আইএসপিআর জানায়, ‘ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় তিনি ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। পাশাপাশি তিনি দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।


