শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান।
রোববার অনুষ্ঠিত এ সাক্ষাতে শিক্ষার মানোন্নয়ন, সরকারের নানা পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের অব্যাহত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের শিক্ষা খাতের সংস্কারে গৃহীত বিভিন্ন উদ্যোগে জাতিসংঘের সহযোগিতা আহ্বান জানান তিনি।
অন্যদিকে, শিক্ষা খাতের উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর তাগিদ দেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনা অপার এবং এ দেশের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে সুনামের সঙ্গে কাজ করছে। একই সঙ্গে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করেন তিনি।


