বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বৃহস্পতিবার চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তৃতীয় ওয়ানডে পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে এসে বোলিং কোচ শন টেইট শুনিয়ে গেলেন, সিরিজ জেতার কথা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ২৪৭ রান তাড়া করতে নেমে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে কিউইদের ১৯৮ রানে আটকে দিয়ে তানজিদ তামিম-নাজমুল হোসেন শান্তর জোড়া ফিফটিতে ৬ উইকেটে ম্যাচ জিতে সমতায় ফেরে স্বাগতিকরা।
এরপর চট্টগ্রামে এসে বুধবার সকাল থেকেই গরমের মধ্যে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেন্টার উইকেটের পাশে লম্বা সময় ব্যাট করেছেন তাওহিদ হৃদয়-আফিফ হোসেন ধ্রুবরা। ড্রেসিংরুম লাগোয়া দুই উইকেট বরাদ্দ ছিল লিটন দাস, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিবের জন্য। মিডিয়া বক্স সংলগ্ন উইকেটে রিশাদ হোসেনকে নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে। যদিও বিশ্রাম এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিবেচনায় পেসারদের আলাদা করে অনুশীলন করতে দেখা যায়নি।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন পেস বোলিং কোচ শন টেইট, দলের এই ফুরফুরে মেজাজে থাকা নিয়ে সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার বলেন, ‘সবাই বেশ রিলাক্সে আছে আজ, গতকাল এখানে এলাম। সবাই স্বস্তিতে থাকলেও সিরিজ জেতার প্রত্যাশা আছে সবারই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।’
‘শীর্ষ পর্যায়ের ক্রিকেটের প্রশ্ন যখন আসে, তখন আপনাকে এসব সিরিজ জিততেই হবে। আগের ম্যাচে যেভাবে জিতেছি, সেই ধারাবাহিকতা ধরে রেখে আগামীকাল জেতার আশা করছি’, টেইট আরো বলেন।
তবে টেইট জানিয়েছেন, সিরিজ জেতার তাড়না কিংবা চাপ আলাদা করে অনুভব করছেন দলের সবাই। বাংলাদেশের এই পেস বোলিং কোচ বলেন, ‘সিরিজ জেতার প্রত্যাশা সবসময়ই থাকে। সেটা যার কাছে যেমনই মনে হোক না কেন।’


