চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাছবোঝাই মিনিট্রাকের সংঘর্ষে কক্সবাজারের মহেশখালীর দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজারসংলগ্ন এলাকায় চট্টগ্রাম-বাঁশখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নোমান মোহাম্মদ ইলাহি (৩৪) এবং শাপলাপুর ইউনিয়নের বীর মুহাম্মদ বাহাদুর (২৮)। দুজনই চট্টগ্রামে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে একটি মাছবোঝাই মিনিট্রাক বাঁশখালীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হলে অটোরিকশাটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মুহাম্মদ বাহাদুর মারা যান এবং নোমান মোহাম্মদ ইলাহিসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও স্বজনেরা আহতদের উদ্ধার করে পাশের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে নোমানের মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, মাছবোঝাই মিনিট্রাক ও চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজির সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


