চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উল্টো পথে আসা বেপরোয়া একটি মালবাহী ট্রাকের ধাক্কায় বিলকিছ বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলার বড়উঠান রাস্তার মাথায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিলকিছ বেগম ফাঁজিলহাট এলাকার মোহন চৌধুরী বাড়ির বাসিন্দা নুরুল ইসলামের স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও এক কন্যাসন্তানের জননী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর এক ব্যক্তির জানাজার নামাজ আদায়ের কারণে রাস্তার একপাশ বন্ধ রাখা হয়েছিল। ফলে অপর পাশ দিয়ে যানবাহন চলাচল করছিল। এ সময় উল্টো পথে আসা একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক বিলকিছ বেগমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


