দেশের বেশ কয়েকটি বিভাগে আগামী তিন দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
এছাড়া একই সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলছেন, শরতের শেষাংশে আরও কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে হেমন্ত আসার আগেই মৌসুমি বায়ু বিদায় নেবে। অক্টোবরের মাঝামাঝি কার্তিকের শুরু থেকেই বাতাস গতিপথ পরিবর্তন করলে বাতাসে আর্দ্রতা কমতে শুরু করবে।
এদিকে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯%। দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৮-১২ কি. মি. বেগে বাতাস বয়ে গেছে। আগামী তিন দিন দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস বলছে, মধ্য অক্টোবর থেকেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।


