ঢাকার মালিবাগের একটি শপিং মলের দোকান থেকে ‘৫০০ ভরি’ সোনা চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে এসব সোনা চুরি করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো বোরকা পরিহিত দুজন এসে দোকানটির লোহার গেটের তালা ভাঙে। এরপর একজন লাঠি দিয়ে সিসিটিভি ভাঙার চেষ্টা করে।
শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, ‘দোকান থেকে ৫০০ ভরি সোনাসহ নগদ টাকা লুট হয়েছে। নিরাপত্তাকর্মীরা এ ঘটনার দায় এড়াতে পারে না।’
তার দাবি, এসব সোনার মধ্যে ৪০০ ভরি সোনা দোকানের নিজস্ব আর ১০০ ভরি ছিল বন্ধক রাখা সোনা।
পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেছেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তারা কিভাবে, কার সহায়তায় শপিং মলের ভেতরে ঢুকল এবং কী পরিমাণ মালামাল খোয়া গেছে তার হিসাব করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও র্যাবের সদস্যরা আছেন বলেও জানান তিনি।
বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ লাখ টাকারও বেশি। সে হিসেবে এসব সোনার মূল্য দশ কোটি টাকারও বেশি।
এর আগে গত পাঁচ অক্টোবর ঢাকার যাত্রাবাড়ী থানার চৌরাস্তার সংলগ্ন রায়হান সুপার মার্কেটের একটি দোকানের দেয়াল ভেঙে ঢুকে ১২৫ ভরি সোনা ও নগদ আড়াই লাখ টাকা লুট করা হয়।


