চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটেছে। এতে একই ভবনের দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে এমডিসি কলেজ স্কয়ারের পাশের ‘আলমাস ভিলা’ নামে চারতলা ভবনে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাসিন্দারা বাড়ির বাইরে থাকায় সুযোগে বুঝে দুর্বৃত্তরা ভবনে প্রবেশ করে। পরে একই ভবনের দুটি পরিবারের বাসা থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ভবনের মালিক হায়দার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।’ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এদিকে এলাকাবাসী চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


