কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরি নদীর বেড়িবাঁধ এলাকা থেকে সাকিব (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাকিব ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাজিয়ান আলীপাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানিয়েছে, সকালে বেড়িবাঁধ এলাকায় গেলে লোকজন একটি যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এলাকাবাসীর প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা সাকিবকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।’


