জ্ঞান, গবেষণা, টেকসই ব্যবসা এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে ‘ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) ২০২৫’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
বৃহস্পতি ও শুক্রবার ঢাকার পূর্বাচলের আমেরিকান সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। যৌথভাবে এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা এবং আইন অনুষদ।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে অভ্যন্তরীণ সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে চতুর্থবারের মতো এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্মেলনের এ বছরের প্রতিপাদ্য–‘টেকসই ব্যবসা ও আইনের অগ্রগতি: উদীয়মান অর্থনীতিতে পরিবেশ, সমাজ এবং সুশাসনের সমন্বয়’।
বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষক, গবেষক, পেশাজীবী ও ব্যবসায়িক বিশেষজ্ঞরা এই সম্মেলনে একত্রিত হবেন এবং এসব বিষয়ে তাদের গবেষণা, ভাবনা, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি সম্ভাবনাও তুলে ধরবেন।
আয়োজকরা জানান, এবারের আইটিডি সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় ১৯২টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্য থেকে ১১৩টি নির্বাচন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান এবং গ্রিন বিজনেস স্কুলের শিক্ষক ও জনসংযোগ ও গণমাধ্যম কমিটির সদস্যসচিব মাশরুর মুশতাক।
উপাচার্য ড. মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, ‘শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের সম্পৃক্ত করে আমরা আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণা ও ব্যবহারিক জ্ঞানের সাথে পরিচিত করাতে চাই। যা তাদের জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে অর্থবহ অবদান রাখতে প্রস্তুত করবে।’
দুই দিনের সম্মেলনে গবেষকদের গবেষণা পত্র উপস্থাপনের পাশাপাশি বাছাইকৃত গবেষণাপত্রে টেকসই অর্থায়ন, ইএসজি রিপোর্টিং, ডিজিটাল রূপান্তর, পরিবেশ আইন, এআই নৈতিকতা, মানবাধিকার, করপোরেট গভর্ন্যান্সসহ বিভিন্ন সমসাময়িক বিষয়গুলোতে মূল বক্তৃতা, গবেষণা উপস্থাপনা এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
এবারের আইটিডি সম্মেলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ দেওয়ারও সুযোগ থাকবে।


