জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা ও পাঁচজনকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত চারজনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা শাহবাগ থানায় একটি মামলা করেছেন।
বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


