‘তুফান’, ‘বরবাদ’—পরপর দুটি ছবি দিয়ে শাকিব খান ইন্ডাস্ট্রিকে ১০০ কোটি টাকার ব্যবসা উপহার দিয়েছেন। এসব ছবির প্রযোজক-পরিচালকসহ অন্যদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে বলে ঢালিউডে জোর গুঞ্জন।
যে ‘বরবাদ’ শাকিব খানের নামের পাশে ৭৫ কোটি টাকা ব্যবসার সিল বসিয়েছে সে ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমির পরবর্তী ছবিতে তিনি নেই। তার পরবর্তী ছবির নায়ক হিসেবে থাকছেন আরিফিন শুভ, সিয়াম আহমেদ কিংবা শরীফুল রাজ—এমনটা জানিয়েছেন টাইমস অব বাংলাদেশকে। ‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়-ই থাকছেন সুমীর পরবর্তী ছবিতে। তাহলে শাকিবকে নিয়ে কেন ছবি করছেন না—এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘না তাকে নিয়ে ছবি করছি না এমন না। তাকে নিয়ে অন্য ছবির পরিকল্পনা রয়েছে আমাদের।’
জানা গেছে, শাকিব ব্যক্তিগতভাবে পরিচালক হিসেবে হৃদয়কে পছন্দ করছেন না। অন্যদিকে ‘বরবাদ’-এর শুটিং চলাকালীন ও মুক্তির পরবর্তীতে শাকিবের কিছু আচরণ প্রযোজকের পছন্দ হয়নি। এসব নিয়ে মধ্যে মানসিক দূরত্ব তৈরি হলেও সুমি তার পরবর্তী ছবির জন্য শাকিবকে অফার করেছিলেন। কিন্তু ছবিটির জন্য শাকিব এমন কিছু শর্ত দেন, যা তার পছন্দ হয়নি।
‘তুফান’, ‘তাণ্ডব’-এর মতো পরপর দুটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন চরকি ও আলফা আইয়ের ব্যানারে। কিন্তু গেল ঈদে ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হলে এর ব্যবসায় প্রভাব ফেলে। বিশেষ করে যে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানকে রাজা বলা হত, সেখানে খুব একটা ভালো করেনি ‘তাণ্ডব’। পাইরেসির কারণে এমনটা হয়েছে, এ দাবি শাকিব সংশ্লিষ্টদের। অন্যদিকে কোন আলোচনা ছাড়া ‘উৎসব’ ভালো ব্যবসা করেছে। বিষয়টি ভাবিয়েছে চরকি ও আলফা আইয়ের কর্তাব্যক্তিদের। যার কারণে তাদের পরবর্তী ঈদের ছবি ‘দম’-এ শাকিব নেই। আছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।
এছাড়া সম্প্রতি শাকিবকে নিয়ে জনপ্রিয় নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ ছবির ঘোষণা দেন। যেটি আগামী ঈদুল ফিতরে আসার ঘোষণাও দেওয়া হয়। তিনি এ প্রযোজকের কাছে রেকর্ড ৩ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন। ইতোমধ্যে তাকে ২ কোটি টাকা অগ্রিমও দিয়েছেন। এখন শোনা যাচ্ছে, এ ছবির প্রযোজক শিরিন সুলতানার সঙ্গেও শাকিবের দূরত্ব তৈরি হয়েছে। শাকিব নাকি এ ছবির শুটিং শিডিউলে অন্য ছবি ঢোকাতে চাইছেন।
শুধু এসব প্রযোজক নয় যে ‘প্রিয়তমা’ দিয়ে শাকিব খান তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন সে আরশাদ আদনানের ‘রাজকুমার’-এর পরে অন্য কোন ছবির শিডিউল দিচ্ছেন না। এর কারণ নাকি ‘রাজকুমার’ আশানুরূপ ব্যবসা না করা।
তবে এত সমস্যা স্বত্ত্বেও শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রির এখনও সর্বাধিক চাহিদা সম্পন্ন নায়ক। এখনো প্রতিনিয়ত প্রচুর প্রযোজক-পরিচালক দুয়ারে কড়া নাড়ছেন।


