রাজধানী ঢাকার গুলশানে শামিম সলিম কাসিম নামের এক বিদেশী নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৬৭ বছর বয়সী ওই নারী ভারতের কাশ্মীরের নাগরিক।
গুলশান থানার তথ্যমতে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারীকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসেন তার ছেলে সুহাইল সলিম কাসিম। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তবে মরদেহে কিছু অস্বাভাবিক আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি সন্দেহজনক বিবেচনা করে তারা গুলশান থানাকে জানান।
গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং মরদেহের ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম জানান, শামিম সলিম কাসিম বর্তমানে গুলশান বারিধারা পার্ক রোডের বরাক পার্ক ভ্যালিতে থাকতেন। মঙ্গলবার সকালে বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তার ছেলে সুহাইল সলিম কাশিম তাকে কন্টিনেন্টাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে তিনি আরও জানান, সুরতহাল তৈরির সময় মৃতদেহে অস্বাভাবিক কোনো চিহ্ন পরিলক্ষিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


