কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে বজ্রপাতে রমিজ উদ্দীন নামে এক লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌফলদন্ডী ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দীন ঐ এলাকার অছিয়র রহমানের ছেলে।
প্রত্যক্ষর্শীরা জানান, সকালে লবণ মাঠে কাজ শেষে ব্রিজের ওপর ওঠার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন রমিজ উদ্দীন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর খবর সদর থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নিয়েছে।’
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


