গুমের ১০০ অভিযোগের তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

গুমের ১০০ অভিযোগের তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের ঘটনাগুলোর তদন্ত ও বিচারের বিষয়টি প্রসিকিউশনের অগ্রাধিকারে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘গুমের মামলাগুলো আমরা খুব অগ্রাধিকার ভিত্তিতে হাতে নিয়েছি। আমরা প্রায় একশর বেশি গুমের অভিযোগ ইতোমধ্যে হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তদন্তের দায়িত্ব নিয়েছেন। তারা কাজ শুরু করে দিয়েছেন।’

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গুমের ঘটনার তদন্তে ঘটনাস্থলে বা ঢাকার বাইরেও আমাদের যেতে হয়। এসব ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে। আমাদের যে সীমিত লোকবল আছে, তা নিয়েই এই বৃহৎ কাজগুলো আমাদের করতে হচ্ছে।’

আরও পড়ুন

বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সব ঘটনার তদন্ত এবং বিচারের লক্ষ্যে কাজ করছেন বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যেন বাংলাদেশে এই জাতীয় ঘটনার আর কোনো পুনরাবৃত্তি না ঘটে।’

তিনি আরও বলেন, ‘ক্রসফায়ারের ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করছি। ক্রসফায়ারের ঘটনাগুলো এই ট্রাইব্যুনালে তদন্ত বা বিচারযোগ্য, সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘বর্তমানে ২২টি মামলার বিচার চলছে। দুটি ট্রাইব্যুনালে এগুলো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ৩০টি মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে আশা করছি। এ ছাড়া সাড়ে চারশর বেশি মামলার অভিযোগ আছে, যেগুলোর তদন্ত কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি।’

তিনি জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে ১৬ জন প্রসিকিউটর ও তদন্ত সংস্থায় ২৪ জন কর্মকর্তা কাজ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad