গাইবান্ধা সদর উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪)। অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপূর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মন্দির চত্বরে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল অনুরুদ্ধ ও অপূর্ব। একপর্যায়ে তারা বোতলে পানি আনতে মন্দিরের পাশের খালে যায়।
অন্য শিশুরা খেলাধুলা শেষে নিজ নিজ বাড়িতে চলে গেলেও অনুরুদ্ধ ও অপূর্ব আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।
পরে সহপাঠীদের কাছ থেকে খালের কথা জানতে পেরে স্বজনরা সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেন এবং খাল থেকে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা গেছে। ঘটনার পর এলাকায় শোকের ছাড়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


