ঢাকার গুলিস্তানে হোটেল রমনায় এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম আলআমিন (৪০)।
শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সাগরিকা আক্তার নামে এক তরুণী জানান, আলআমিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায়। সৌদি আরব প্রবাসী আলআমিন ১৩ জুন দেশে এসেছেন। সাগরিকার সঙ্গে ৬ মাস আগে ফেসবুকে পরিচয় তার। বাগেরহাটের মোল্লারহাটের মেয়ে সাগরিকা খুলনার একটি নার্সিং কলেজের শিক্ষার্থী।
তিনি জানান, সৌদি আরব থেকে সাগরিকার পরিচিত এক ব্যক্তি কিছু জিনিসপত্র পাঠিয়েছিলেন আলআমিনের মাধ্যমে। সেগুলোই নেওয়ার জন্য তিনি ঢাকা এসেছিলেন। আলআমিনও গাজীপুর থেকে এসেছিলেন। রাস্তায় দাঁড়িয়ে কথা বলার এক পর্যায়ে আলআমিন ও সাগরিকা হোটেল রমনায় যান। সেখানে ওঠার পর আলআমিন বাথরুমে গেলে কিছুক্ষণ পরই একটি শব্দ হয়। সাগরিকা দৌড়ে গিয়ে দেখেন, বাথরুমের ফ্লোরে পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে হোটেল বয়দের ডেকে আনেন। এরপর হাসপাতালে নিয়ে আসেন। তবে, চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রমনা থানায় অবগত করা হয়েছে।


