সাভারে তিন কারখানায় ১৮৬৮ শ্রমিক ছাঁটাই, মহাসড়ক অবরোধ

সাভারে তিন কারখানায় ১৮৬৮ শ্রমিক ছাঁটাই, মহাসড়ক অবরোধ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিন কারখানার ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে।

শনিবার সকালে ছাঁটাইয়ের প্রতিবাদে ও পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট ও জনভোগান্তি তৈরি হয়।

শ্রমিকরা জানান, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সকালে কর্মস্থলে এসে তারা ছাঁটাইয়ের খবর জানতে পারেন। অনেকে কারখানায় ঢুকতে গিয়ে বাধার মুখে পড়েন। কেউ আবার মোবাইলে বার্তা পান। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

সকাল ৮টার দিকে কয়েকশ শ্রমিক উলাইল এলাকায় একেএম নিটওয়্যার লিমিটেডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেন অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

কারখানা কর্তৃপক্ষের তথ্যমতে, একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন ও আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিক ছাঁটাই হয়েছেন।

আরও পড়ুন

ছবি: টাইমস

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ক্ষতিপূরণ ও অন্যান্য পাওনা যথাযথভাবে পরিশোধ করা হচ্ছে না। চাকরি হারিয়ে তারা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বলেন, ‘আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক মন্দার কারণে বাংলাদেশ শ্রম আইনের ২০ ধারা অনুসরণ করে শ্রমিক ছাঁটাই করা হয়েছে।’ শ্রমিকদের আইন অনুযায়ী বকেয়া ও প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়েছে।’ তিনি আরও জানান, বাকি দাবিগুলো যাচাই করে নিষ্পত্তি করা হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত শিল্প পুলিশ ও সাধারণ পুলিশ মোতায়েন করা হয়। কারখানার সামনে জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়।

পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। তবে এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর