গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার স্টেশনে ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃদ্ধের নাম মোজাহার আলী (৬০)। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে নয়টা নাগাদ বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি পরিষ্কার করতে গিয়ে রেলওয়ের ঝাড়ুদাররা ট্রেনের শেষ বগিতে ওই বৃদ্ধের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।


