দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সংগঠন দুটির নেতারা এই হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম ঘটনার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ‘গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। আমরা মনে করি, গণমাধ্যমের টুঁটি চেপে ধরে কখনোই আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’
তারা আরও বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের আমলেও সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকার পতনের পরও যদি গণমাধ্যমের ওপর আঘাত অব্যাহত থাকে, তবে জনগণ রাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর ভরসা পাবে কীভাবে?’
এ ধরনের হামলাকে সুস্থ রাজনীতির অন্তরায় উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, বিএফইউজে ও ডিইউজে শুরু থেকেই স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য সংগ্রাম করে আসছে।
তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনাও একটি বিশেষ মহলের সুপরিকল্পিত এজেন্ডার অংশ বলে তারা মনে করেন।
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।


