ঠিকানা খুঁজে না পাওয়ায় দুই দেশ থেকে পাঁচ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এরমধ্যে মালয়েশিয়া থেকে চার হাজার ও ইতালি থেকে ফেরত এসেছে এক হাজার ৬০০টি পোস্টাল ব্যালট।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছায়নি।
নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ জানান, ফেস ডিটেকশন প্রযুক্তির কারণে পোস্টাল ব্যালটে একজনের ভোট অন্য কেউ দেওয়ার সুযোগ নেই। অথচ এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন।


