দেশের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন উন্নীত হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।
সোমবার দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘প্রচুর দুর্নীতি ও অর্থ পাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।’
তিনি আরো বলেন, ‘জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইন-শৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভোট নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট কেন হবে না, এখনতো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোন বিশেষ দল আসতে পারবে না। আপনারা সকলে সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে।’


