রাজধানীর বনশ্রী এলাকা থেকে আজহার আলী সরকার নামে এক গণমাধ্যমকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে চার দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ৮টার দিকে বনশ্রীর এ-ব্লকের শান্তা টাওয়ারের নবম তলার বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, তাকে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে বেইলি রোডে ‘মন্ত্রীপাড়া’ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। বিকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। একই মামলায় আজহার আলী সরকারকে প্রেপ্তার দেখানো হয়েছে।’
আজহার আলীর স্ত্রী রুখসানা পারভীন বলেন, ‘সাদা পোশাক পরা কিছু লোক হঠাৎ বাসায় এসে প্রথমে আমার স্বামীর মোবাইল ফোনটি জব্দ করে। পরে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে নিয়ে যায়। তারা নিজেদের ডিবি সদস্য বলে পরিচয় দেয়।‘
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের কথা বলে আজহার আলীকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। যাওয়ার আগে মোবাইল ফোন জব্দের একটি কাগজ আমাদের হাতে দেন, সেখানে ডিবি উত্তরা জোনের এসআই শওকত হোসেনের স্বাক্ষর ছিল।’
রুখসানা পারভীন আরও জানান, তার স্বামী একসময় সাংবাদিকতা করতেন, তবে বর্তমানে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না।


