খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। এই দিনে খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথেলহেমে জন্মগ্রহণ করেন।
খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিনকে ‘ক্রিসমাস ডে’ বা বড়দিন হিসেবে উদযাপন করেন।
সারা বিশ্বের খ্রিষ্টধর্মের অনুসারীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই পৃথিবীতে প্রভু যিশুর আগমন ঘটেছিল।
এ উপলক্ষে আলাদা আদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বুধবার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
দিনটি উপলক্ষে ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আরও নানা আনন্দ আয়োজন করে থাকেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। সাধারণত এই দিনে বাড়িতে বাড়িতে কেক কাটা হয়। বাড়িতে তৈরি নানান উপাদেয় খাবার, ক্রিসমাস ট্রি সাজানো ছাড়াও বাড়ি সাজাতে করা হয় আলোকসজ্জা।
পরিবারের সবার হাতে তুলে দেওয়া হয় নতুন উপহার। আলোতে আলোকিত-সাজানো গির্জাগুলোতে আয়োজিত হয় বড়দিনের বিশেষ প্রার্থনা।


