খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগ দেওয়ার তারিখ থেকে চার বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
ডা. রফিকুস সালেহীন বর্তমানে রাজধানী ঢাকার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, রফিকুস সালেহীনের বর্ণাঢ্য কর্মজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার নেতৃত্ব বিশেষ সহায়ক হবে। নতুন এই দায়িত্ব পাওয়ায় তাকে চিকিৎসক সমাজ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। তিনি শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন বলে আশা করা হচ্ছে।


