পাকিস্তান সুপার লিগের ১১-তম আসরে অংশ নিতে সোমবার দেশ ছেড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন।
সোমবার একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই চারজন। তারা ছাড়াও পিএসএলে দল পেয়েছেন রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।
পিএসএলের নিলাম থেকে মোস্তাফিজ ও ইমনকে দলে টেনেছিল লাহোর কালান্দার্স। রিশাদকে নিয়েছে রাওয়ালপিন্ডি। নাহিদ, তানজিদ ও শরীফুলরা খেলবেন পেশোয়ার জালমির হয়ে।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র জানিয়েছে, এই ছয় ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত এনওসি পেয়েছেন। এরপরই ফিরে আসতে হবে দেশে। কারণ সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড।


