খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের চার সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বটিয়াঘাটা উপজেলার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুল ইসলামের স্ত্রী ফাহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে তার সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে সেই সূত্রে রাশিদুলের সঙ্গে ইমরানের পরিবারের যোগাযোগ গড়ে ওঠে। একপর্যায়ে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের সম্পর্ক তৈরি হয়। প্রায় ছয় মাস আগে ইমরান আবার একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ ফাহিমা বলেন, সাত থেকে আট মাস আগে সাবেক স্বামী ইমরানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি বিয়ে করেন। ভোরে তার সাবেক স্বামী লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর গুলি চালান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, রঞ্জুয়ারা বেগমের বুকে ও ফাহিমার পায়ে গুলি লেগেছে। শরীর থেকে গুলি বের করা সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ছয়জন জড়িত বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad