পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি অব্যাহত না থাকলে ভবিষ্যতে দেশকে কঠিন পরিবেশগত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।
তিনি সতর্ক করে বলেন, ‘এই কর্মসূচি বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বিস্তীর্ণ অঞ্চল।’
শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগামী ৩০-৪০-৫০ বছরের কথা চিন্তা করলে দেখা যাবে, আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে এই অঞ্চল পানির নিচে চলে যেতে পারে। সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। খাল খনন শুধু একটি প্রকল্প নয়, এটি একটি আন্দোলন, একটি বিপ্লব—যা অব্যাহত রাখা জরুরি।’
শিক্ষা খাতের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘স্কুল, কলেজ, মসজিদ, মন্দির ও মাদ্রাসার উন্নয়নে আমাদের নজর রয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে হবে। প্রাইমারি স্কুলই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। যদি সেখানে সঠিকভাবে পাঠদান না হয়, স্কুলের অবস্থা জরাজীর্ণ থাকে বা শিক্ষক সংকট থাকে, তাহলে সেই ভিত্তি দুর্বল হয়ে পড়বে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা চাই প্রতিটি পরিবারের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক।’
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।


