গ্যাস সংকট মোকাবিলা ও জ্বালানি নিরাপত্তা জোরদারে দেশজুড়ে ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কর্মসূচি শুরু করেছে সরকার। পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) পর্যায়ক্রমে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জ্বালানি খাতে এসব উদ্যোগের পাশাপাশি সৌরবিদ্যুৎ, তেল পরিশোধন ও শিল্প উৎপাদন বাড়াতেও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের গত এক মাসের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এসব কথা জানান। সরকারের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মাহ্দী আমিন বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, এলএনজি সক্ষমতা বাড়াতে বিদ্যমান দুটি এফএসআরইউ পর্যায়ক্রমে পাঁচটিতে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জ্বালানি সংকট সামাল দিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে এবং এর কার্যক্রম শুরু হয়েছে।
বিদ্যুৎ ও সৌরশক্তিতে উদ্যোগ
শিল্প ও কৃষির বিকাশে ভোলায় ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র এবং একটি বড় সার কারখানা স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করা হয়েছে।
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব ডিজেলচালিত সেচ পাম্প সৌরশক্তিতে রূপান্তরের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। রাঙামাটির বিদ্যুৎবিহীন ৩০০টি প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
বাসাবাড়ির ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে নতুন প্রণোদনা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। পাশাপাশি সোলার পাওয়ার প্ল্যান্টের আধুনিক যন্ত্রাংশ আমদানিতে টানা ১৮০ দিন সব ধরনের শুল্ক ও কর মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পেও অগ্রগতি হয়েছে বলে জানান মাহ্দী আমিন। কৃষিজমি রক্ষায় নদী খননের পলিমাটি ব্যবহার করে পরিবেশবান্ধব আধুনিক ইট তৈরির প্রকল্পেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মুডিসের রেটিংয়ে ‘স্থিতিশীল’ বাংলাদেশ
সংবাদ সম্মেলনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তিনি জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের সার্বভৌম ঋণমানের দীর্ঘমেয়াদি রেটিং ‘বি২’ অপরিবর্তিত রেখে আউটলুক ‘নেগেটিভ’ থেকে ‘স্টেবল’ করেছে।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের রেটিংয়ে এই পরিবর্তন দেশের জন্য একটি ইতিবাচক বার্তা। এর ফলে বৈদেশিক বিনিয়োগ বাড়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে বলে সরকার আশা করছে।
মুডিসের মতে, রাজনৈতিক ও বৈদেশিক খাতে তীব্র চাপ কমে আসায় বাংলাদেশের ঝুঁকিগুলো এখন তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ হয়েছে।
মূল্যস্ফীতি কমার দাবি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য তুলে ধরে মাহ্দী আমিন দাবি করেন, গত বছরের একই সময় এবং গত মাসের তুলনায় দেশের মূল্যস্ফীতির হার কমেছে। খাদ্যপণ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির হারও তুলনামূলকভাবে কমেছে বলে জানান তিনি।
তার ভাষ্য, অন্যান্য বছরের তুলনায় বর্তমানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পরিস্থিতিও তুলনামূলকভাবে ভালো। পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম অপেক্ষাকৃত কম রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনগণের ওপর চাপ কমাতে জ্বালানি খাতে সরকার সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি।
তরুণদের জন্য ৫০ কোটি টাকার ঋণ তহবিল
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল চালুর কথা জানান মাহ্দী আমিন। এর মাধ্যমে দেশব্যাপী উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি শুরু হয়েছে। প্রতিবছর ৫ হাজার সম্ভাবনাময় তরুণকে প্রারম্ভিক মূলধন সহায়তা দেওয়ার লক্ষ্য রয়েছে।
প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কোনো জামানত ছাড়াই ডিজিটাল চ্যানেলে সুদমুক্ত ই-লোন সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তরুণদের জন্য অনলাইন স্টার্টআপ তহবিলের সুযোগ উন্মুক্ত করা হচ্ছে।
তরুণ উদ্ভাবকদের বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করতে জাতীয় ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ আয়োজন করা হয়েছে। সাইবার সুরক্ষায় সাইবার ইনভেস্টমেন্ট রিপোর্টিং সিস্টেম এবং জাতীয় আইসিটি ও সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম কার্যক্রমও শুরু হয়েছে।
স্থানীয় কারখানায় সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনে নীতিগত প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি শ্রমিক, কৃষক ও রিকশাচালকসহ প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য স্মার্টফোনের কার্যকর মূল্য ২ হাজার থেকে ৩ হাজার টাকায় নামিয়ে আনার প্রাথমিক লক্ষ্য নেওয়া হয়েছে।
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
প্রায় ৪৫ লাখ মানুষকে বাস্তবমুখী কর্মদক্ষতা দিতে দেশব্যাপী আধুনিক ‘আলফা’ প্রকল্প নেওয়া হয়েছে। কারিগরি শিক্ষার আধুনিকায়নে চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
কক্সবাজারে সমুদ্রসম্পদ ও ব্লু ইকোনমি গবেষণায় বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় প্রতিবছর ৫ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সৌদি সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বিনামূল্যে সুষম দুপুরের খাবার দেওয়ার রূপরেখা প্রণয়ন চলছে। মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে ঘোষিত ১৫ অনুশাসন বাস্তবায়ন এবং বছরব্যাপী খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অচল হয়ে থাকা প্রায় ৮ হাজার কোটি টাকার বিভিন্ন প্রযুক্তি পার্ক কীভাবে কার্যকর করে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সে জন্য শিল্প ও বাণিজ্যের সমন্বয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে।
নারী, শ্রমিক ও সামাজিক সুরক্ষা
নারীদের সাইবার হয়রানি ও সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা নেটওয়ার্কের সঙ্গে যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের সর্বজনীন উপবৃত্তি এবং স্কুলে পুষ্টিকর খাবারের স্থায়ী ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চা শিল্পে কর্মরত নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের ২০ হাজার চা শ্রমিকের মধ্যে আধুনিক রেইনকোট বিতরণ করা হয়েছে। প্রবাসী শ্রমিকদের আইনি সুরক্ষায় ১৩টি দেশের ২২টি আন্তর্জাতিক আইন সংস্থার সঙ্গে চুক্তি সই হয়েছে।
যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা
ঢাকা-চট্টগ্রাম করিডোরে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার জন্য ইলেকট্রনিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। ঢাকা থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত পূর্ণাঙ্গ চার লেনের নিরবচ্ছিন্ন এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস ট্রেন সম্প্রসারণ করা হয়েছে। মহাসড়কে ক্যাশলেস স্বয়ংক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি শনাক্তকরণ (আরএফআইডি) টোল ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকার যানজট কমাতে কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার গাবতলী এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল আধুনিক কেরানীগঞ্জে স্থানান্তরের কার্যক্রম চলছে।
মাহ্দী আমিন বলেন, গত এক মাসে সরকারের নেওয়া বহুমুখী কল্যাণমূলক কর্মসূচি শুধু একটি নির্দিষ্ট সময়সীমার সাফল্য নয়, বরং সমৃদ্ধ ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
তার দাবি, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন ক্ষেত্রে নেওয়া উদ্যোগগুলো ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।


