ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে ঢাকার বনানী বিদ্যানিকেতনে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ওয়ানগালা উৎসব উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের প্রতিটি জাতিগোষ্ঠীকে সমান অধিকার, স্বীকৃতি ও সুযোগ নিশ্চিত করে একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়তে দলের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘সকল সম্প্রদায়কে মূল সম্প্রদায়ের সঙ্গে এক করা আমাদের দায়িত্ব।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি তাদের ৩১ দফা ঘোষণাপত্রে খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, পটভূমি বা পরিচয় যাই হোক সব সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রের অগ্রগতিতে সমানভাবে অবদান রাখবে।’
গত কয়েক মাসে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে কথা বলে, তাদের সমস্যা-সংকট কাছ থেকে দেখেছেন বলে জানান তিনি। তাদের সংস্কৃতি, জীবনযাপন ও সরলতা তাকে গভীরভাবে স্পর্শ করেছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপি’র দায়িত্বের কথা মনে করিয়ে তিনি জানান, “আমাদের দায়িত্ব হলো সব জনগোষ্ঠীকে জাতীয় মূলধারার সঙ্গে যুক্ত করা, তাদের সংস্কৃতি রক্ষা করা এবং একই সঙ্গে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো।’
বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আলাদা সাংস্কৃতিক একাডেমি গঠন করার পাশাপাশি সরকারিভাবে ওয়ানগালা পালনের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।


