দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় তিনি জেলার উন্নয়ন ও নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসকের গত ছয় মাসের কর্মকাণ্ড মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয়। গত বছরের ১৮ নভেম্বর তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘চট্টগ্রামের মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারছি, কোথায় আরও কাজ করার সুযোগ আছে-সেটি জানতে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়।’
তিনি বলেন, সমাজের দর্পণ হিসেবে গণমাধ্যমকর্মীদের পরামর্শ প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
জেলা প্রশাসক বলেন, ‘এ দেশ আমাদের সবার। চট্টগ্রামের মানুষের জন্য নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে কাজ করতে চাই। সীমাবদ্ধতা আছে, তারপরও চ্যালেঞ্জ মোকাবিলা করে মানুষের পাশে থাকতে চাই।’
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলাবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। নাগরিকেরা কেমন প্রশাসন চান, কী ধরনের সেবা প্রত্যাশা করেন এবং কোথায় আরও উন্নয়ন প্রয়োজন-এসব বিষয় বিবেচনায় রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বর্তমান সরকারের নির্দেশনার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আগামী দিনগুলোতে জেলার সার্বিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত।
এ ছাড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও উপস্থিত ছিলেন।


