কক্সবাজারের উখিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় ১৪ ঘণ্টা পর এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রেজুরকুল এলাকার রেজুখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরের নাম কৌশিক বড়ুয়া বাঁধন (১৩)। সে স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না বাঁধনের। ছেলের সন্ধান না পেয়ে তার বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ সংক্রান্ত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়।
রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, এদিন সন্ধ্যায় তারা রেজুখালের মোহনার পাশে একটি বড়ই গাছে উঠে বড়ই পেড়ে খাচ্ছিল। হঠাৎ বাঁধন খালে পড়ে যায় বলে দাবি করে সে। এ সময় ভীত হয়ে পড়ায় সে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কাউকে জানায়নি।
পরে শুক্রবার ভোরে এলাকার রেজু খালে একটি মরদেহের অংশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ঘটনাস্থলে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। কিশোরটির মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, দুর্ঘটনাবশত খালে পড়ে বাঁধনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এলাকায় কিছু কুসংস্কার ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে কোনো অলৌকিক ঘটনার কারণে এমনটি ঘটেছে। বিষয়টি প্রকৃতপক্ষে কী, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন তিনি।


