সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম। তিনি শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা দুটি প্রজ্ঞাপনে এই অব্যাহতি ও নতুন নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন উপাচার্যের মেয়াদ হবে যোগ দেওয়ার তারিখ থেকে চার বছর কিংবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা আগে আসবে। তবে আচার্য ও রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন।
শিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, ইউজিসির সদস্য পদ থেকে অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের জমা দেওয়া পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে এবং তার জায়গায় অধ্যাপক মামুনকে এই দায়িত্ব দেওয়া হলো।


